কেরলে দুর্ঘটনার কবলে শবরীমালা পুণ্যার্থীদের বাস, ৮ বছরের বালক-সহ ৩ সঙ্কটজনক

পাথানামথিট্টা, ১৯ নভেম্বর (হি.স.): কেরলের পাথানামথিট্টা জেলায় দুর্ঘটনার কবলে পড়ল শবরীমালা পুণ্যার্থীদের একটি বাস। দুর্ঘটনায় কমবেশি অনেক যাত্রী আহত হয়েছেন, তাঁদের মধ্যে ৮ বছরের একটি বালক-সহ ৩ জনের অবস্থা সঙ্কটজনক। সকলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পাওয়া মাত্রই দুর্ঘটনাস্থলে পৌঁছন কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ।

অন্ধ্রপ্রদেশ থেকে শবরীমালা মন্দির অভিমুখে যাচ্ছিল একটি বাস। ওই বাসে কমপক্ষে ৪৪ জন পুণ্যার্থী ছিলেন। পাথানামথিট্টা জেলার লাহার কাছে দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। বাসের প্রায় সমস্ত যাত্রী কমবেশি আহত হয়েছেন। বাসটি রাস্তার ধারে একেবারে উল্টে যায়। ৮ বছরের একটি বালক-সহ ৩ জনকে গুরুতর আহত অবস্থায় কোট্টায়াম মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।