নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন৷৷ ফের ত্রিপুরায় বাড়ল করোনায় দৈনিক সংক্রমণ৷ বেড়েছে নমুনা পরীক্ষা, সাথে বেড়েছে আক্রান্তের সংখ্যাও৷ সাথে মৃত্যু মিছিল আরও দীর্ঘায়িত করে গত ২৪ ঘণ্টায় ৪ জন করোনা আক্রান্তে মারা গেছেন৷ তবে স্বস্তি দিয়ে সুস্থ হয়েছেন ৫৫৪ জন৷
স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআরে ৯৩৮ এবং রেপিড অ্যান্টিজেনের মাধ্যমে ৭,৩৩৯ জনকে নিয়ে মোট ৮,২৭৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ তাতে আরটি-পিসিআরে ১০০ জন এবং রেপিড অ্যান্টিজেনে ৩২১ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে৷ সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় মোট ৪২১ জন নতুন করোনা সংক্রামিতের খোঁজ পাওয়া গেছে৷ সংক্রমণের হার বেড়ে হয়েছে ৫.০৯ শতাংশ৷
তবে স্বস্তির খবরও রয়েছে৷ গত ২৪ ঘণ্টায় ৫৫৪ জন করোনা সংক্রমণ থেকে মুক্তি পেয়েছেন৷ বর্তমানে করোনায় আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন ৩,৩৫২ জন৷ প্রসঙ্গত, ত্রিপুরায় এখন পর্যন্ত ৬২,৭৪৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন৷ তাঁদের মধ্যে ৫৮,৬৭৪ জন করোনা সংক্রমণ থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়েছেন৷ বর্তমানে ত্রিপুরায় করোনা- আক্রান্তের হার হয়েছে ৫.১৪ শতাংশ৷ তেমনি, সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৩.৬০ শতাংশ৷ এদিকে মৃতের হার হয়েছে ১.০৪ শতাংশ৷ নতুন করে ৪ জনের মৃত্যুর ফলে এখন পর্যন্ত ত্রিপুরায় ৬৫৫ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন৷
স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিনে আরও জানা গিয়েছে, ক্রমাগত পশ্চিম জেলা সংক্রমণে শীর্ষে রয়েছে৷ গত ২৪ ঘণ্টায় নতুন করে পশ্চিম জেলায় ১১১ জন, দক্ষিণ জেলায় ৩৬ জন, গোমতি জেলায় ৩৮ জন, ধলাই জেলায় ৪২ জন, সিপাহিজলা জেলায় ৩০ জন, উত্তর ত্রিপুরা জেলায় ৯১ জন, উনকোটি জেলায় ৬০ জন এবং খোয়াই জেলায় ১৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন৷

